ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  11:38 AM

news image

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ জুলাই) সেনা সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেনারেল মনোজ পান্ডে বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার সর্বপ্রথম বিদেশ সফর। এর মাধ্যমে বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারি সম্পর্কের ভিত্তি সুপ্রকাশিত হলো। 

একান্ত সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এরপর সেনা সদরের হেলমেট কনফারেন্স রুমে প্রতিনিধি দলের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হয়ে তিনি সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।

সেনা সদরে আসার আগে জেনারেল মনোজ পান্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। 

পরে জেনারেল মনোজ পান্ডে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেলে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও জাদুঘর ঘুরে দেখে।

সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জেনারেল মনোজ পান্ডের সম্মানে বাংলাদেশের সেনাপ্রধানের পক্ষ থেকে নৈশভোজ (ব্যাংকোয়েট ডিনার) এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

আজ (মঙ্গলবার) জেনারেল মনোজ পান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। একই দিন সফরকারী দল রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবে।

এ সফরের মধ্যদিয়ে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে। সফর শেষে ভারতের প্রতিনিধি দলটি আগামী ২১ জুলাই ভারতে প্রত্যাবর্তন করবে।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে রোববার (১৭ জুলাই) ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সফরে আসেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির