ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৬,  11:36 AM

news image

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় এসে পৌঁছেছেন থমাস ডুলি। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। ঘণ্টাখানেক সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই কোচ। বাফুফে স্টাফরাই বিমানবন্দরে উপস্থিত থেকে কোচকে স্বাগত জানিয়েছেন। 

ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ডুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। ফেসবুকের পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন এটা অনুমেয় ছিল। আগে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দেশে আসার পরই বাফুফে অবহিত করেছে সবাইকে।

এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই ১১ জনের সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। এরপর স্টোকসের পরিবর্তে ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। 

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দেশটি ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ান ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চার ম্যাচের সবকটিতেই জয় পায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে মনে করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির