ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঈদযাত্রা : দুই ঘণ্টা দেরিতে ছাড়ল নীলসাগর এক্সপ্রেস

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  12:15 PM

news image

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করা অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে ওই সব ট্রেনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস বেশ বিলম্বে স্টেশন ছেড়েছে। এতে ট্রেনটির যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন প্লাটফর্মে না আসায় যাত্রীদের গাদাগাদি করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় প্লাটফর্মে। ভ্যাপসা গরমে ট্রেনের জন্য এমন অপেক্ষা আরো অসহনীয় হয়ে ওঠে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। তবে ট্রেনটি সকাল ৮টা ৫২ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ ২ ঘণ্টা ১২ মিনিট বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। এছাড়া চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও যথাসময়ে ছাড়েনি।

ঈদযাত্রার শুরুর দিন থেকেই বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের পেছনে রেলওয়ের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

নীলসাগর এক্সপ্রেসে যাত্রা করা মায়দুল ইসলাম জানান, ভোরে সেহরি ও নামাজ শেষ করেই বাসা থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। নির্ধারিত সময়ের বেশ আগেই স্টেশনে পৌঁছেছি। তবে প্ল্যাটফর্মে ট্রেনই এসেছে দেরিতে। এ গরমে বাচ্চা ও বয়স্ক মাকে নিয়ে চরম বিপাকে পড়েছি। আমাদের এ ভোগান্তি দেখার কেউ নেই। রেলওয়ের এ অব্যবস্থাপনা আর কবে ঠিক হবে?

হাসান হাবিব নামে আরেক যাত্রী জানান, সড়কের ভোগান্তির কথা ভেবে অনেক যুদ্ধ করে ট্রেনের টিকিট কিনেছিলাম। এখন দেখি এখানে (ট্রেনে) ভোগান্তির শেষ নেই। সময়ের ট্রেন সময়ে আসে না। একদিকে গরম, অন্যদিকে স্টেশনের ভেতরে টয়লেট ব্যবহারের ব্যবস্থা নেই। তাহলে কীভাবে রেলওয়ে কর্তৃপক্ষ আধুনিক সেবা নিশ্চিত করবে?

তবে এদিন সকালে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেনই তুলনামূলক নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে এসে থামতে দেখা যায়। এসব ট্রেনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন করতে এবার ট্রেনযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন ৫৩ হাজার মানুষ। এরমধ্যে আন্তঃনগর ট্রেনে আসন রয়েছে প্রায় ২৭ হাজার।

এদিকে, গতকাল বুধবার (২৭ এপ্রিল) ঈদযাত্রার প্রথমদিনে সকালেই তিনটি ট্রেন বিলম্বে স্টেশন ছেড়ে যায়। এসব ট্রেনের মধ্য সবচেয়ে বেশি বিলম্ব ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস। এছাড়া বিলম্বে স্টেশন ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেসও।

গত ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পরদিন ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হয় ৩০ এপ্রিলের টিকিট। আর ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মে’র টিকিট। এবার ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট ১ মে থেকে বিক্রি শুরু হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির