ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  2:07 PM

news image

নতুন বছরের প্রথম দিন থেকেই একীভূত করে গঠন করা পাঁচ ব্যাংকের গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর জমানো টাকা তুলতে শুরু করেছেন আমানতকারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকগুলোর শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

একীভূত হওয়া ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংক একত্র হয়ে নতুন নাম পেয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। অনেক শাখায় এরই মধ্যে পুরোনো সাইনবোর্ড বদলে নতুন নামের ব্যানার টানানো হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন চালু হয়েছে। গ্রাহকরা টাকা জমা দিতে পারছেন এবং আমানত সুরক্ষা আইনের আওতায় দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।

দীর্ঘ সময় পর টাকা তুলতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন আমানতকারীরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখায় টাকা তুলতে আসা গ্রাহক আসিফ রহমান বলেন, দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে পেয়ে তিনি স্বস্তি অনুভব করছেন। এই অর্থ তার জন্য খুবই জরুরি ছিল।

কীভাবে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষায় একটি নির্দিষ্ট স্কিম চূড়ান্ত করেছে। যেসব সাধারণ গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে, তাদের পুরো অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আমানত সুরক্ষা আইনের আওতায় যেকোনো সময় একবারে পুরো টাকা তোলা যাবে।

আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি আমানত রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার বা কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য বিশেষ মানবিক সুবিধা রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে তারা নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন।

পুরোনো কাগজপত্রেই চলবে ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, একীভূত প্রক্রিয়ার আওতায় পাঁচ ব্যাংকের সব চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত, সম্পদ, দায়-দেনা এবং আগের সব চুক্তি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের ব্যাংকের নামে থাকা চেকবই, ডিপোজিট স্লিপ, টাকা উত্তোলনের স্লিপ, ভাউচার, ফরম ও অন্যান্য ব্যাংকিং কাগজপত্র এখনো বৈধ থাকবে। নতুন কোনো কাগজপত্র নেওয়ার প্রয়োজন নেই। আগের কাগজপত্র দিয়েই আপাতত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, যারা এখনই আমানত তুলবেন না, তারা বাজারভিত্তিক মুনাফা পাবেন। পাশাপাশি বর্তমান জমা টাকার বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবেন। নতুন করে জমা দেওয়া আমানতের ক্ষেত্রে এই সুবিধা সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত প্রযোজ্য হবে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে স্থায়ী আমানতের টাকা তোলা যাবে না।

কর্মী ও ব্যবস্থাপনা

পাঁচ ব্যাংকে কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে যুক্ত হবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে নতুন পরিচালনা পর্ষদ প্রয়োজনে চাকরির শর্তাবলি পুনর্নির্ধারণ করতে পারবে। কেউ চাইলে লিখিতভাবে চাকরি না করার ইচ্ছা জানিয়ে ইস্তফাও দিতে পারবেন।

কেন একীভূতকরণ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ খেলাপি। অতীতে অনিয়ম, জালিয়াতি ও সুশাসনের ঘাটতির কারণে এসব শরিয়াহভিত্তিক ব্যাংক গভীর সংকটে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে এক বছরের বেশি সময় ধরে তারল্য সহায়তা দেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী গত ৫ নভেম্বর এসব ব্যাংকের ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগ করা হয়। পরে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

নতুন ব্যাংকের চিত্র

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানত এবং প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে। তবে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, বহুজাতিক কোম্পানি ও বিদেশি দূতাবাস এ ব্যবস্থার বাইরে থাকবে।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকায় একাধিক শাখা একীভূত করে একটি বা দুটি করা হবে। পরিচালন ব্যয় কমাতে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন ব্যবস্থাপনায় গ্রাহকদের জমা টাকা পুরোপুরি নিরাপদ থাকবে। এই রেজল্যুশন প্রক্রিয়া ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি বড় সংস্কার উদ্যোগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির