ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৬,  11:44 AM

news image

ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রামের চারপাশের পরিবেশ। রাত থেকে দুপুর পর্যন্ত শীতল বাতাসে কাঁপুনি বেড়েই চলেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বেড়েছে বহুগুণ। শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

শীতের প্রভাবে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন শতশত রোগী কুড়িগ্রাম সদর হাসপাতালসহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শীতজনিত কারণে অন্যান্য সময়ের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের ২৫০ শয্যার বিপরীতে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় বেডের অভাবে অনেক রোগীকে মেঝেতে বিছানা পেতে থাকতে হচ্ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, তীব্র শীতের কারণে শিশু, নারী ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।

কুড়িগ্রাম পৌরসভার চামড়ার গোলা এলাকার দিনমজুর জহির আহমেদ বলেন, শীতের তীব্রতায় আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা চরম বিপাকে পড়েছেন। গত চার দিন ধরে হাতে কোনো কাজ নেই। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।

ধরলাম এলাকার ভ্যানচালক আমিনুল ইসলাম বলেন, আগে ভ্যান চালিয়ে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো, এখন ঠান্ডার কারণে তা কমে ২০০ টাকায় নেমে এসেছে।

রৌমারী থেকে আসা কুড়িগ্রাম জজ কোর্টের মামলায় হাজিরা দিতে আসা মেহেদী, মাসুদ ও জলিল মিয়া বলেন, শুধু কুয়াশার কারণে এক ঘণ্টার পথ ব্রহ্মপুত্র নদ পার হতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। এতে আইনি নানা বিড়ম্বনায় পড়তে হয়। যাতায়াতে কষ্টও হয় অপরিসীম।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও এখনও তেমন আশঙ্কাজনক হারে বাড়েনি। তবে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন, তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জেলার ৯টি উপজেলায় ২২ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং নগদ ৫৪ লাখ টাকা মজুদ আছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রাম জেলায় আজ শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির